সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তাদের দাখিল করা সম্পদ বিবরণী বর্তমানে দুদকের পক্ষ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে নথি নিরীক্ষা ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সাবেক মন্ত্রী জাহিদ মালেকের সহযোগিতায় দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ গমন রহিত করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত দুদকের যুক্তি বিবেচনায় নিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495