পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, আদেশ রবিবার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

ফেসবুকে আইনজীবীদের নিয়ে কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিএনপিপন্থি আইনজীবীরা বিষয়টি আদালতের নজরে আনেন।

আইনজীবীরা জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের পর পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি ‘উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি’—এমন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতে বলেন, পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত ও আইনজীবীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, এমন মন্তব্য মিথ্যা, মানহানিকর এবং তা স্পষ্টতই আদালত অবমাননার শামিল।

এ সময় আদালতে উপস্থিত অন্যান্য আইনজীবীরাও ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি একমত পোষণ করেন এবং পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন জানান। পাশাপাশি বিতর্কিত ফেসবুক পোস্টটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়।

শুনানিকালে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব, মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলামসহ একাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবীরা জানান, আদালত অভিযোগটি আমলে নিয়েছেন এবং পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট সংক্রান্ত বিষয়ে আগামী রবিবার (২৫ জানুয়ারি) আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495