স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া কারাগারে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
রাজধানীর নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’র প্লে-গ্রুপের এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার স্কুলের ব্যবস্থাপক (এডমিন) পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর ইসলাম রিমান্ড আবেদন করলেও শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর এলাকা থেকে শিশু নির্যাতনের ঘটনায় এজাহারনামীয় এক নম্বর আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক ৩–৪ বছর বয়সী এক শিশুকে দুই শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করছেন। ভিডিওতে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারেন ও ধমক দেন। পরে এক পুরুষ শিক্ষক হাতে স্ট্যাপলার নিয়ে শিশুটির মুখের দিকে হুমকি দেন।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে। পুরো সময়জুড়ে শিশুটির মধ্যে চরম ভয় ও মানসিক আতঙ্কের লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়।
সংশ্লিষ্টরা বলছেন, শাস্তির নামে এ ধরনের সহিংসতা শিশুদের শারীরিক ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদে মারাত্মক মানসিক প্রভাব ফেলে। তাদের মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সমাজের কোনো পর্যায়েই শারীরিক শাস্তির কোনো বৈধতা নেই।