জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই প্রোগ্রামারের জামিন
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রাক্তন এক্স (পুরানো টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়ে নারীবিদ্বেষী পোস্ট ছড়ানোর ঘটনায় অভিযুক্ত বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ তার জামিন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি রাতে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীবিদ্বেষী একটি পোস্ট ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
৩ ফেব্রুয়ারি রাতে ডিবি পুলিশ মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করে। পুলিশ জানিয়েছে, এই পোস্ট হ্যাকিংয়ের মাধ্যমে ছড়ানো হয়েছিল। পরে অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক তাকে জামিনে মুক্তি দেন।