একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: আপিলে খালাস পেলেন খান আকরাম

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম খালাস পেয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

এর আগে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে সর্বোচ্চ আদালত ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে তাকে খালাস দেন।

মামলায় ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে অভিযোগ আমলে নেওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও কচুয়া এলাকায় রাজাকার ও পাকিস্তানি বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে নিরীহ ও নিরস্ত্র মানুষের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়। একাধিক গ্রামে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা এবং নারীদের রাজাকার ক্যাম্পে আটকে নির্যাতনের অভিযোগও ছিল।

দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খান আকরামকে খালাস দেওয়ায় মামলাটির আইনি প্রক্রিয়ায় নতুন মোড় তৈরি হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495