সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির গেটের ডান পাশে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে সেখানে দায়িত্বরতরা বিষয়টি দ্রুত শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।
পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হলে তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর ২টার দিকে তারা গ্রেনেডগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিজেদের হেফাজতে নিয়ে যায়।