জামায়াত নেতা তাহেরের আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী কামরুল হুদা। সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওই আসনে নির্বাচনে বিজয়ী হন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে বিভিন্ন আসনের নির্বাচনী ফলাফল নিয়ে ২০টির বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের শুনানির জন্য আদালত সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ নির্বাচনী প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার বিধান অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের বিষয়ে ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় দেখা যায়, এই বেঞ্চ অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দায়ের করা নির্বাচনী আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।