শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়, আড়ংকে আইনি নোটিশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবি জানিয়ে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং–কে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান। এর আগে একই অভিযোগে গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী নিশাত ফারজানা আড়ং কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি নোটিশে উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং তাদের শো-রুমগুলোতে কেনাকাটার পর ক্রেতাদের বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম চালু করেনি।
তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শো-রুম থেকে পণ্য কেনার পর ক্রেতাদের ব্যাগের জন্য আলাদা টাকা দিতে বাধ্য করা হচ্ছে। এতে অনেক ক্রেতাকে হাতে করে কাপড় বহন করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
নোটিশে আরও বলা হয়, আড়ংয়ের এই কার্যক্রম ক্রেতাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। পাশাপাশি তাদের অনুসরণ করে দেশের অন্যান্য ব্র্যান্ড প্রতিষ্ঠানও যদি একই পদ্ধতি চালু করে, তবে ভোক্তারা আরও ভোগান্তিতে পড়তে পারেন।
এ কারণে অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।