জামিন পেলেন ইনু–মেনন–মানিক
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকী শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আদালত সূত্রে জানা যায়, হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন অনুযায়ী আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককেও হাজির করা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হলেও তিন আসামি জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলাটি দায়ের করেন আইনজীবী জিয়াউল হক। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছিল।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৩ অক্টোবর একটি টক শোতে শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেন। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না।
অন্যদিকে, ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।