অবিলম্বে বার কাউন্সিল নির্বাচনের দাবি এনসিপি আইনজীবীদের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ অ্যালায়েন্স (এনএলএ)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ দাবি জানান এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা।

এ সময় উপস্থিত ছিলেন এনএলএর আহ্বায়ক এস এম আজমল হোসাইন, সদস্য সচিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোস্তফা শরীফী, যুগ্ম সদস্য সচিব লাবাবুল বাসার, যুগ্ম সদস্য সচিব রুহি সামসাদ আরা এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতারা।

জহিরুল ইসলাম মুসা জানান, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচন আয়োজনের জন্য আগে গেজেট প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ইতোমধ্যে এনসিপি সমর্থিত ন্যাশনাল ল’ অ্যালায়েন্স ১৪টি পদের বিপরীতে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে তিনি অভিযোগ করেন, এর আগের রাতে বার কাউন্সিলের পক্ষ থেকে হঠাৎ একটি বিজ্ঞপ্তি দিয়ে ১৯ মে’র নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়, যা তাদের কাছে অপ্রত্যাশিত।

তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক। তাই দ্রুত নতুন তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় একটি রাজনৈতিক গোষ্ঠী অবৈধভাবে বার কাউন্সিল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মাসদার হোসেনের প্রসঙ্গ তুলে জহিরুল ইসলাম মুসা বলেন, সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়। বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো অভিযোগের ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখানে তা অনুসরণ করা হয়নি।

তার দাবি, পুরো প্রক্রিয়াটি আইনবহির্ভূত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। বিশেষ করে মাসদার হোসেন আলোচিত মাসদার হোসেন মামলার বাদী হওয়ায় বিষয়টি আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495