খুলনায় নিজের অস্ত্রের গুলিতে দায়িত্বরত পুলিশ সদস্যের আত্মহত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ের রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিজের ব্যবহৃত অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগ দেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।