ওসমান হাদি হত্যাকাণ্ডে অস্ত্র বিক্রেতা হেলাল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হওয়া অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা সংস্থাটির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে মো. মাজেদুল হক হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই জেলার হামিদুল হক অস্ত্র ও কোম্পানি নামের একটি অস্ত্রের দোকানের মালিক।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের প্রথমে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। পরে ওসমান হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ ও নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন ওসমান হাদি।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495