বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
বুধবার (২৫ মার্চ) পাঠানো এই নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
নোটিশে বলা হয়, যদিও প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
ঘটনা ঘটে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে। কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নোটিশে আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময় স্বল্পতার কারণে প্রথমে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।