হাদি হত্যা মামলার আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আজ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন দুপুরে এ রায় দেবেন। এর আগে গত রোববার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করেন। বর্তমানে ফয়সাল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব-২। এ সময় পালানোর চেষ্টা করলে ফয়সাল করিমকে আটক করা হয়। পরে তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

পরদিন আদাবর থানায় র‌্যাবের হাবিলদার মশিউর রহমান অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ফয়সাল করিম একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

তদন্ত শেষে আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান গত বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত এই মামলায় জামিনে থাকলেও শরীফ ওসমান বিন হাদি হত্যা ঘটনার পর ফয়সাল করিম আত্মগোপনে চলে যান। পরে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495