ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পেলেন বাউল আবুল সরকার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম

ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

কারামুক্তির পর সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কারাগারের মূল ফটক ত্যাগ করেন তিনি। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আবুল সরকার।

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবুল সরকারকে ৬ মাসের জামিন প্রদান করেন। পাশাপাশি তাকে স্থায়ী জামিন কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারি করেন আদালত।

প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495