সন্তানসহ কারামুক্ত হলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে কারামুক্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সন্তানসহ তিনি মুক্তি পান।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জামিননামা দাখিলের পরই কারামুক্ত হন শিল্পী বেগম।

এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই দিন সন্ধ্যায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, পরবর্তী সময়ে শিল্পী বেগমের নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাসায় হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে মামলায়। হামলায় ঘরের আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী ভাঙচুর করা হয় এবং বিপুল পরিমাণ মালামাল লুট করা হয়। একই সঙ্গে বাড়ির সামনে বোমা বিস্ফোরণ এবং শিক্ষার্থীর বাবা সোহেল রানাকে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495