প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ সরকারি বাসভবন নির্মাণে হাইকোর্টে রিট
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর গণভবনের পূর্বের সরকারি বাসভবনটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়। তবে এরপর প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য নিরাপদ ও মানসম্মত বাসভবন নির্ধারণ, নির্মাণ বা সংস্কারে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এতে আরও বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর জন্য পর্যাপ্ত নিরাপত্তা, মর্যাদা এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন থাকা তার ন্যায্য অধিকার বলেও রিটে উল্লেখ করা হয়।
রিটে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষার গুরুত্ব তুলে ধরে বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপের অভাব জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং প্রশাসনিক দায়িত্ব ও জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
রিটকারী আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানিয়েছেন, আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে।