স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:০৫ পিএম
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। নিয়োগসংক্রান্ত একটি রিট আবেদনের পর আদালতের পূর্বের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ১৯ মে মহাপরিচালককে স্বশরীরে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে রিটকারী ২৫ জনসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ওই ২৫ জনকে নিয়োগ দেওয়া হয়নি।
পরবর্তীতে বঞ্চিত প্রার্থীরা হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ৯ মার্চ হাইকোর্ট রিটকারী ২৫ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু রায়ের পরও তাদের নিয়োগ কার্যকর করা হয়নি।
রিটকারী পক্ষের আইনজীবী সিদ্দিক উল্লা মিয়া জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য আবেদন করা হলে গত ৩ মার্চ হাইকোর্ট ২৩ এপ্রিলের মধ্যে রায় কার্যকর করতে নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যেও নিয়োগ না হওয়ায় বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে যায়। এ অবস্থায় শুনানি শেষে মহাপরিচালককে তলব করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।