সাবেক এমপি বুবলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:৩০ পিএম
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
এর আগে, গত বছরের ২৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম গত ২৯ এপ্রিল এ মামলায় বুবলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন নির্ধারণ করে।
নির্ধারিত দিনে বুবলীকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে পুনরায় কারাগারে পাঠান।