রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার তিনি জানান, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন ১১ এলাকার একটি আবাসিক ভবন থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়। ঘটনার পর স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকেও।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তিনি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দেন।

এদিকে রামিসার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495