হত্যার পর ২৬ খণ্ড: ৫ দিনের রিমান্ডে গ্রেপ্তার জরেজ-শামীমা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

ছবি: সংগৃহীত

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে নির্মমভাবে হত্যা করে মরদেহ ২৬ খণ্ডে বিচ্ছিন্ন করার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকীয়া প্রেমিকা শামীমা আক্তারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এই রিমান্ড আদেশ দেন।

এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শামীমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরা অবস্থায় আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় আলামতসহ শামীমাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

এর আগে একই রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে প্রধান আসামি জরেজকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক তিন দিন আগে বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় এসেছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দুটি নীল ড্রাম থেকে তীব্র দুর্গন্ধ বের হলে সেগুলো খোলা হয় এবং সেখান থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ড্রামের ভেতরে চালও ছিল।

পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে মরদেহের পরিচয় নিশ্চিত করে।

ঘটনার পর নিহতের ছোট বোন মোছা. আনজিরা বেগম শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে বন্ধু জরেজকে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495