দুই বছরের টানাপোড়েন শেষে বরফ গলাতে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে শুভেচ্ছা সফরে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিন দিনের এই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরকালে তিনি শুধু এস জয়শঙ্করের সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকগুলোতে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল ও স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হবে বলে জানা গেছে।

এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরদিন ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। একই দিনে পীযূষ গোয়েল ও হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। জানা গেছে, ৯ এপ্রিল সকালে তিনি এবং এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশে রওনা হবেন। ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তারা আঞ্চলিক সহযোগিতা ও সামুদ্রিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495