সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার জেলার একাধিক উপজেলায় পৃথক ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার হবিবুর রহমান (২২) ও রহমত উল্লাহ (১৩), তাহিরপুর উপজেলার আবুল কালাম ওরফে কালা মিয়া (২৮), দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮) এবং জামালগঞ্জ উপজেলার নুর জামাল (২৬)।
স্থানীয় সূত্র জানায়, সকালে হবিবুর রহমান তার চাচার সঙ্গে হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে বজ্রাঘাতে আহত রহমত উল্লাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলায় দুপুরের দিকে বজ্রপাতে আবুল কালাম ওরফে কালা মিয়ার মৃত্যু হয়। জীবিকার তাগিদে তিনি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
দিরাই উপজেলায় হাওরের একটি বিলের পাশে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন লিটন মিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জামালগঞ্জে হাওরে ধান তোলার সময় বজ্রপাতে নুর জামাল নিহত হন এবং তার চাচাতো ভাই গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
এদিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার একটি গ্রামে দুটি গাভীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।