সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের আগমন অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক বিশেষ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৮১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া)-এর ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন যাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদর উপজেলার মো. নইম উদ্দীন মণ্ডল।

জানা গেছে, মো. আবুল কাশেম মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অন্যদিকে মো. নইম উদ্দীন মণ্ডলও মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বিশেষ ফ্লাইট সৌদির উদ্দেশে রওনা দেয়। হজযাত্রী পরিবহনের এ কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত।

আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজ পালন করবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495