গাজীপুরে ৫ খুন: চিকিৎসকের লোমহর্ষক বর্ণনায় ময়নাতদন্তের প্রতিবেদন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার সন্ধ্যায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক জানান, পাঁচজনের ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা এবং দুই মেয়ে মীম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করা হয়েছে। ছোট মেয়ে ফারিয়াকে ঘরের মেঝেতে ফেলে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চিকিৎসকদের ভাষ্য, শারমিন খানমকে হত্যার আগে তার দুই হাত ও মুখ বেঁধে ফেলা হয়েছিল।

ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. মাজহারুল হক বলেন, হত্যাকাণ্ডের আগে নিহতদের কোনো চেতনানাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছিল কি না তা নিশ্চিত হতে নিহতদের পাকস্থলীর খাদ্য নমুনা, ঘরে পাওয়া নেশাজাতীয় দ্রব্যের বোতল, রান্না করা সেমাইসহ অন্যান্য খাদ্যদ্রব্য সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় নিহত শারমিন খানমের বাবা বাদী হয়ে তার স্বামী ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ফোরকান মোল্লাকে গ্রেফতারে সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।

গত শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি আবাসিক ভবনের নিচতলার দুটি কক্ষ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা গোপালগঞ্জ সদর থেকে জীবিকার তাগিদে গাজীপুরে বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে সবাইকে হত্যার কথা লেখা ছিল। এছাড়া স্ত্রীর বিরুদ্ধে লেখা একটি অভিযোগপত্রও পাওয়া গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495