খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ টিম
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার পর তারা হাসপাতালে প্রবেশ করেন।
চীনা চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন।
এর আগে, বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থানকালে তিনি খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে ভর্তি করা হয় এবং এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
উল্লেখ্য, গত সোমবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গেজেট প্রকাশ হলে এসএসএফ সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।