শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: মির্জা আব্বাস

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি বিশেষ দেশের বিরুদ্ধে কথা বলাকে দেশপ্রেমের মানদণ্ড বানানো ঠিক নয়। আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, তারপর অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য আসতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “আমি এবং আমরা একটি বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এর অর্থ এই নয় যে, শুধু এর মাধ্যমেই আমরা বড় দেশপ্রেমিক হয়ে যাই। দেশপ্রেমের প্রথম শর্ত হলো নিজের দেশকে ভালোবাসা।”

উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশে তিনি বলেন, তোমরা সবাই তরুণ। এই বয়সেই বুঝে নিতে হবে—কে দেশপ্রেমিক আর কে দেশের বিরুদ্ধে অবস্থান নেয়। বিষয়গুলো চেনা খুব জরুরি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে অন্য কারও স্বার্থে আঘাত লাগলে সেটি নিয়ে ভাবার কিছু নেই। আমিও একই কথা বলতে চাই—অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না।

গণভোট প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘হ্যাঁ-না’ ভোটের স্বাধীনতাকে আমরা অস্বীকার করি না। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’তে ভোট দেবে, যার প্রয়োজন সে ‘না’তে ভোট দেবে। এ স্বাধীনতা মানুষ অর্জন করেছে। কিন্তু জোর করে কাউকে কোনো পক্ষে ভোট দিতে বাধ্য করা যায় না। এ বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495