ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের রিয়াদ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:৪১ পিএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান পরিস্থিতির মধ্যে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক তরুণ। নিহতের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীতে নিয়মিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মুঠোফোনে বার্তা পাঠিয়ে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় একই সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন এবং হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
লিমনের বরাতে পরিবার জানায়, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ার নাগরিক নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বিষয়টি পরে নিশ্চিত হয় পরিবার।
পরিবারের দাবি, গত বছরের অক্টোবর মাসে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তিনি পরিবারকে আগে জানাননি।
ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, ছেলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তারা জানতেন না। আগে জানলে তাকে কখনোই সেখানে যেতে দিতেন না। এখনো ছেলের মরদেহের কোনো সন্ধান পাননি বলেও জানান তিনি।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহত রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।