ওমানে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ ভাইয়ের, দেশে ফিরছে একসঙ্গে চার মরদেহ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ওমানে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার আপন ভাই। যে পরিবারে বিয়ের আনন্দে মাতার কথা ছিল, সেখানে এখন চলছে শোকের মাতম। শুক্রবার (১৫ মে) দুই ভাইয়ের দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত চার ভাইই ফিরছেন মরদেহ হয়ে।

নিহতরা হলেন রাশেদ, শাহেদুল, সিরাজ ও শহিদ। তারা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। ওমানের মুলাদ্দাহ এলাকায় গাড়ির ভেতরে বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থ বড় ভাই রাশেদকে চিকিৎসকের কাছে নিতে একটি ক্লিনিকে যান বাকি তিন ভাই। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে বসেছিলেন। একপর্যায়ে গাড়ির দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে কার্বন-মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এতে চার ভাইই অচেতন হয়ে পড়েন।

মৃত্যুর আগে এক ভাই তার বন্ধু পারভেজকে ভয়েস মেসেজে সাহায্যের আকুতি জানান। আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “পারভেজ তুরা কোথায়? আমার বদ্দাকে ডাক্তারের কাছে এনেছি, এখন আমরা গাড়ি থেকে নামতে পারছি না... আমাদের চারজনকেও নিয়ে যাও...”। তবে সাহায্য পৌঁছানোর আগেই নিভে যায় চার প্রবাসী ভাইয়ের জীবন।

ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম জানান, প্রাথমিক ময়নাতদন্তে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসকে মৃত্যুর কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে মরদেহগুলো ওমান পুলিশের হেফাজতে রয়েছে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে আগামী রোববার বা সোমবারের মধ্যে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

এ ঘটনার পর প্রবাসীদের সতর্ক করে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দীর্ঘ সময় গাড়িতে এসি চালিয়ে অবস্থান করলে অবশ্যই জানালার কাঁচ কিছুটা খোলা রাখতে হবে।

এদিকে বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় দেখা গেছে হৃদয়বিদারক দৃশ্য। যে বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন চার লাশের অপেক্ষা। অসুস্থ মা ফরিদা বেগমকে এখনো পুরোপুরি জানানো হয়নি ছেলেদের মৃত্যুর খবর। পরিবারের একমাত্র জীবিত ভাই এনাম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ওমানের চট্টগ্রাম সমিতির সভাপতি মো. ইয়াসিন চৌধুরী এ ঘটনাকে প্রবাস জীবনের অন্যতম বড় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495