ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে থাকতেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল তাদের। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে কেনাকাটা করতে বের হয়েছিলেন তারা। পরে ফেরার পথে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু থাকায় এসি থেকে বিষাক্ত গ্যাস বের হয়ে গাড়ির ভেতর ছড়িয়ে পড়ে। এতে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495