১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশু স্বাধীন, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৭ ঘণ্টা পেরিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন। এর আগে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করতে গর্তের পাশ দিয়ে প্রায় ৩০ ফুট গভীর পর্যন্ত খনন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলায় নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায় শিশু স্বাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে একটি স্কেভেটর দিয়ে খনন শুরু করা হলেও পরে আরও দুটি স্কেভেটর যোগ করা হয়। রাতভর অভিযান চালায় তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। সকাল গড়াতেই ঘটনাস্থলে ভিড় করেন শত শত উৎসুক মানুষ। তাদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এর আগে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত একাধিকবার গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটিকে খুঁজতে চেষ্টা করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটির অবস্থান দেখা যায়নি। দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও সন্ধ্যা, রাত ও ভোর পর্যন্ত কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবুও উদ্ধার অভিযান বন্ধ হয়নি।
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, “উদ্ধার কাজ চলছে। গর্ত কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।”