সড়কবাতি বিষয়ে জ্ঞান অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:০০ পিএম
বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ফ্রান্সে ১১ দিনের সফরে যেতে চান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী।
সম্প্রতি এ সংক্রান্ত অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন করবেন।
সেখানে তারা সড়কবাতির আধুনিক বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন বলে জানানো হয়েছে।
চিঠিতে সফরের অনুমতি দিয়ে সরকারি আদেশ জারির আবেদন করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমন্ত্রণ পাওয়ার পর ফ্রান্স সফরের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সম্প্রতি মশক নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশ সফর প্রসঙ্গে এক মন্তব্যে প্রধান উপদেষ্টা জানান, এসব বিষয় দেশেই সহজে বাস্তবায়ন ও শেখা সম্ভব, এর জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই।