হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে তিনি হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনে হাসপাতালের মোট ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্ব পালনরত অবস্থায় না পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

অনুপস্থিত চিকিৎসকেরা হলেন—মেডিকেল অফিসার সাইফুল ইসলাম শুভ, শামীম কাউছার, শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

এ সময় এমপি হাসনাত আবদুল্লাহ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি রোগীদের নিয়মিত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সময়মতো উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনে অনুপস্থিত চিকিৎসকদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ জারি করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495