আরও তিন হত্যা মামলায় জামিন পেলেন ছোট সাজ্জাদ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম

ছোট সাজ্জাদ ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আলোচিত জোড়া খুনসহ একাধিক হত্যা মামলার আসামি অ সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র ইতোমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে বলে মঙ্গলবার কারা সূত্র নিশ্চিত করেছে।

এর আগে হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পান ছোট সাজ্জাদ। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতটি হত্যা মামলায় তিনি জামিন পেলেও তাৎক্ষণিকভাবে মুক্তি পাচ্ছেন না। চার মামলায় জামিনের খবর পাওয়ার পর গত রোববার চান্দগাঁও থানার দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। পাশাপাশি অন্যান্য থানার মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ জানান, সাম্প্রতিক সময়ে একে একে সাতটি হত্যা মামলায় ছোট সাজ্জাদের জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। সর্বশেষ যে তিনটি হত্যা মামলায় জামিন দেওয়া হয়েছে, সেগুলো হলো চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা এবং ফজলে রাব্বী হত্যা মামলা।

পুলিশ সূত্র জানায়, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১০টি হত্যা মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চট্টগ্রামের আলোচিত জোড়া খুনের ঘটনাও রয়েছে। তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ অন্তত আটটি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ ঢাকার একটি এলাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে এবং নগরের বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও থানা এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে এক সময় পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল। এর আগে গত ১০ মে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালত ও জামিন ‘টাকা দিয়ে কেনা যায়’—এমন বক্তব্য দিয়ে দেওয়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

একাধিক হত্যা মামলায় একের পর এক জামিন পাওয়ায় পুলিশের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। শীর্ষ এই সন্ত্রাসী যাতে কারাগার থেকে মুক্তি না পান, সে বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সাজ্জাদকে দুটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করা হয়েছে। চট্টগ্রাম আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আবেদনগুলো বর্তমানে আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে। আসামির উপস্থিতিতে শুনানি নেওয়ার বিধান থাকলেও, অনলাইন মাধ্যমে শুনানির সুযোগ রয়েছে বলে তিনি জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495