ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমীনের হাইকোর্ট থেকে পাওয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি শেষে বুধবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
এর আগে সাজ্জাদ হোসেন মোট সাতটি মামলায় জামিন পান, আর তার স্ত্রী চারটি মামলায় জামিনে ছিলেন। সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যা মামলা সহ মোট ১৯টি মামলা রয়েছে। তামান্না শারমীনের নামে মোট আটটি মামলা দায়ের করা আছে।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাসিন্দা সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ নামে পরিচিত। বিদেশে পলাতক মূল সাজ্জাদের অনুসারী হিসেবে ছোট সাজ্জাদ স্থানীয় এলাকায় নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে প্রকাশ্যে খুন, ফেসবুক লাইভে থানার কর্মকর্তাকে হুমকি সহ নানা ঘটনায় তিনি আলোচিত ছিলেন। গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না ফেসবুক লাইভে টাকা দিয়ে সাজ্জাদকে ছাড়া দেয়ার চেষ্টা ও বিরোধীপক্ষকে হুমকি দেওয়ার বিষয়ে সমালোচিত হন।
গত ১০ মে জোড়া খুনের মামলায় তামান্নাকে গ্রেফতার করা হয়। এরপর সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে পাঠানো হয়।