আগামী নির্বাচনকে ঈমানি দায়িত্ব ও জিহাদের অংশ হিসেবে নিতে হবে: মাওলানা আবদুল হালিম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাওলানা আবদুল হালিম। ছবি: মনোযোগপ্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, 'কিছু কিছু লোক ভিন্নভাবে আমাদের সঙ্গে কথা বলে এবং ভিন্ন তকমা দিতে চায়। তারা বলে, জামায়াতে ইসলামী মদিনার ইসলাম নয়, আবার কেউ বলে এটি মওদুদী ইসলাম। আসলে যুক্তি, বুদ্ধি ও হিকমা দিয়ে আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে তারা এসব ভিন্ন কথাবার্তা বলে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।'

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামের আকিদা ও জামায়াতের গঠনতন্ত্রে বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা আছে। আল্লাহ, রাসূল (সা.), কুরআন ও সাহাবায়ে কেরামকে কেন্দ্র করেই জামায়াতের আদর্শ গড়ে উঠেছে।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতের বিরুদ্ধে নতুন নতুন কথা বলা হয়। বর্তমানে জামায়াতের পক্ষে মানুষের মধ্যে যে সাড়া তৈরি হয়েছে, ৮ দলের পক্ষে যে জনসমর্থন গড়ে উঠেছে এবং আগামী দিনের ন্যায় ও ইনসাফভিত্তিক আবু সাঈদের বাংলাদেশ গড়ার যে নতুন ধারা তৈরি হয়েছে- এগুলোকে কেউ ব্যাহত করতে পারবে না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য হলো- যত ত্যাগ-রক্ত দেবেন নিয়ত যখন বিশুদ্ধ হবে এবং আল্লাহর জন্য যত পাগল হয়ে কাজ করবেন, তত কঠিন জমিন আল্লাহ তায়ালা আপনাদের জন্য ঊর্বর করে দেবেন।

১৮ ডিসেম্বর সকাল ১০টায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আজিজুর রহমানের সঞ্চালনায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আজিজুর রহমান সরকার (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর), জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এবং কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক।

মাওলানা আবদুল হালিম বলেন, আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানি দায়িত্ব এবং জিহাদের অংশ হিসেবে নিতে হবে। এটি কারো ব্যক্তিগত নির্বাচন না। এটি মজলুম কাফেলা জামায়াতে ইসলামের নির্বাচন। দাঁড়িপাল্লার এই নির্বাচনে সকল নেতা-কর্মী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইদের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ! সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে এক ধরনের জোয়ার তৈরী হয়েছে। আপনারা কাজ করুন ইনশাআল্লাহ সফল হবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495