পটিয়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার থানায় সেলফি, দুই পুলিশ ক্লোজড
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার থানার ভেতরে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
ক্লোজড হওয়া দুই পুলিশ সদস্য হলেন- পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিমকে (২১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় তিনি ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
গ্রেপ্তার হওয়া শোয়াইব উল ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই এলাকার ওয়ার্ড সভাপতি ছিলেন। সংগঠনটি নিষিদ্ধ থাকলেও পুলিশ হেফাজতে থেকেও তার নিয়মিত ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।’ পরবর্তীতে থানার অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এইদিন দিন নয়, দিন আরও আছে।’
এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট এসআই ও কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।
এদিকে, ক্লোজড হওয়ার খবর পেয়ে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে ক্লোজড করা হয়েছে।