লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকায় মোমবাতি বিতরণ, যা বললেন হাসনাত আব্দুল্লাহ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম
দেশে চলমান বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় বাসিন্দাদের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি।
জানা যায়, জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদ জানাতেই নিজ নির্বাচনী এলাকায় এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেন তিনি।
এ সময় স্থানীয়দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে দেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।
তিনি আরও বলেন, সংসদে তিনি সরকারের কাছে জানতে চেয়েছিলেন কোনো সমস্যা আছে কি না। কিন্তু সরকার তা অস্বীকার করলেও বাস্তব চিত্র ভিন্ন। সারাদিন বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই এর প্রতিবাদে প্রতীকীভাবে মোমবাতি বিতরণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত এ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।