সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

সীমান্তে আবারও দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলার থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে আশিকুর নিহত হন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। নিহত আশিকুরের মরদেহ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এদিকে একই সময়ে ভারতের দমদমা সীমান্তসংলগ্ন রাদনে এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন মোশাঈদ। সূত্র জানায়, তার মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিএসএফ ওই ক্যাম্প থেকে মোবাইল ফোনে বিজিবিকে বিষয়টি অবহিত করেছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে জানান, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আশিকুরের মরদেহ দেশে আনা হলেও মোশাঈদের মরদেহ এখনও ভারতে রয়েছে। মরদেহটি দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিজিবি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495