তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

মো. মহসিন ভূঞা জানান, বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষক ওমর ফারুক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি মুছে ফেলেছেন। তবে শোকজের জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ওমর ফারুকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সোনাগাজী পৌর বিএনপি। এতে স্বাক্ষর করেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর অভিযোগ করেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিদ্যালয়টিকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করে বিপুল অর্থের মালিক হয়েছেন এবং ফেনী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় জমি ও ফ্ল্যাট কিনেছেন। এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিজাম হাজারীর মাধ্যমে প্রভাব খাটিয়ে ওমর ফারুক প্রধান শিক্ষক পদ দখল করেন। বর্তমানে তিনি জামায়াত নেতার ভূমিকায় থেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেন তিনি। তাকে দ্রুত বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানান।

এ ঘটনায় ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করে স্ট্যাটাস দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495