নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সুমন নিতপুর পুরাতন বাজারের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি এলাকায় গেলে ভারতীয় সীমান্তের স্থানীয় লোকজনের সহায়তায় বিএসএফ সদস্যরা সুমনকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আটক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। আটক বাংলাদেশি নাগরিককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সুমনের আটকের খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা সীমান্ত ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।