তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনা, আহত ৩২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীবাহী একটি বাস। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনি থেকে ছেড়ে আসা বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় জন্মভূমিতে ফিরছেন। এমন ঐতিহাসিক মুহূর্তে এই দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495