তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার বাসিন্দা ও আহম্মদ সোবহানের পুত্র। তিনি ইউনিয়ন বিএনপির একজন সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজার এলাকায় আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বসলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইছাখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, আনন্দ মিছিল শেষে জিয়া স্মৃতি সংসদে বসার সময় হঠাৎ আবুল বশর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তিনি দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং বয়সের ভার সত্ত্বেও নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ইছাখালী এলাকায় বিএনপির এক নেতা আনন্দ মিছিল শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495