‘ফাদার অফ টেরোরিস্ট, মোদি মোদি’ স্লোগানে উত্তাল রাজশাহী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর সাহেব বাজার এলাকায় ইনকিলাব মঞ্চ ও দ্য ডাক অফ জুলাই-এর আয়োজনে কর্মসূচি শুরু হয়। পরে আরও কয়েকটি সংগঠনের অংশগ্রহণে সন্ধ্যা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকে।
কর্মসূচিতে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এ সময় ‘ফাদার অফ টেরোরিস্ট, মোদি মোদি’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কইব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে।
সমাবেশে এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু বলেন, হাদি ভাইয়ের স্মৃতি মুছে ফেলা যাবে না। যারা তার স্মৃতি মুছে দিতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে।
এ সময় এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নেতা শোয়াইব বিএনপি নেত্রী নিলুফার চৌধুরীর বিরুদ্ধে শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তোলেন। তিনি বলেন, ওই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির রাজশাহী মহানগর সদস্যসচিব আতিকুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।