সেন্ট মার্টিনগামী যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ১
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তবে জাহাজের ক্রুসহ অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে। যাত্রী ওঠানোর জন্য ঘাটে নোঙর করার ঠিক আগমুহূর্তে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই নদীর মোহনায় জাহাজটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
নিহত কর্মচারীর নাম নুর কামাল (৩৫)। অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা ট্রলার ও স্পিডবোটের সাহায্যে উদ্ধার কার্যক্রম শুরু করে জাহাজের ক্রু ও অন্যান্যদের নিরাপদে তীরে নিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। জাহাজে আর কেউ আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চলছে।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজটিতে করে ১৯৪ জন পর্যটকের সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। তবে তারা তখনো জাহাজে ওঠেননি। যাত্রীদের একাংশকে অন্য জাহাজে পাঠানো হয়েছে এবং বাকিরা পরদিন যাত্রা করবেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।