ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার মেয়ে বিউটি বেগম (৩০) এবং মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়ার পথে হাজী অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স মুনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন। আহত অপর দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক ট্রাকচালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স হাইওয়ে থানায় রাখা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495