বাউফলে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি হেলাল মুন্সীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী দলবদলের মাধ্যমে জামায়াতে ইসলামীতে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করেন, মিষ্টিমুখ করান এবং জামায়াতের লোগো সংবলিত মাফলার উপহার দেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় দলটি সব সময় আপসহীন ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করছে, এবং জামায়াতে ইসলামী সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পটুয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম সাইফুল্লাহ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান মিয়া, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রাসেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495