বাংলাদেশের মানুষ ভারতের গোলামি চায় না: মেজর হাফিজ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, “বাংলাদেশের মানুষ ভারতের প্রভাব বা গোলামি চায় না। তারা চায় গণতন্ত্র, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ এবং এমন সমাজ যেখানে কেউ কারো ওপর অত্যাচার করবে না।”
রোববার (২৮ ডিসেম্বর) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মনোনয়ন দাখিল উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ আরও বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিদেশে ছিলেন। দেশে ফেরার পর এয়ারপোর্টে হাজারো মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। এত বড় সমাগম বাংলাদেশের ইতিহাসে বিরল।”
তিনি যোগ করেন, “এটি সম্ভব হয়েছে কারণ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ছিলেন সৎ ও জনগণের কল্যাণে নিবেদিত নেতা। তাদের স্মৃতি ধারণ করেই মানুষ বিশ্বাস রেখেছে, তারেক রহমানও দেশের জন্য কাজ করবেন। এই বিশ্বাসের কারণে কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিল।”
মেজর হাফিজ বললেন, “মানুষ ভারতের প্রভাব চায় না, তারা গণতন্ত্র চায় এবং সাধারণ মানুষের প্রতি কোনো অত্যাচার-নির্যাতন না হওয়ার নিশ্চয়তা চায়। এই কারণেই তারা দুই দিন আগে ঢাকায় অবস্থান নিয়েছিল।”
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিকেলে মেজর হাফিজ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।