সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলেন বিএনপি নেতার ছেলে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করার পর মূল এসএসসি পরীক্ষায় অংশ নিতে না পারায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনা মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ঘটে। অভিযুক্ত মো. আরিফ ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জানা গেছে, সে লক্ষ্মীপুর ইউনিয়নের বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার আগে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষায় আরিফ সাত বিষয়ে অকৃতকার্য হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ম অনুযায়ী, চারটির বেশি বিষয়ে ফেল করলে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মঙ্গলবার সকালে আরিফ স্কুলে এসে শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, “নির্বাচনি পরীক্ষায় চারটির বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আরিফ ক্ষুব্ধ হয়ে আমাদের সঙ্গে অসদাচরণ করে এবং আমার কক্ষসহ একটি কক্ষে তালা লাগিয়ে দেয়। এছাড়া স্কুল বন্ধ রাখার হুঁশিয়ারি দেয়।”
অভিযুক্ত আরিফ দাবি করেছেন, “সব বিষয়ে পাস করা ১৬ জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমাদেরও সুযোগ দেওয়া উচিত। বারবার দাবি করলেও কোনো ছাড় দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।”
এ বিষয়ে তার বাবা আব্দুল আজিজ বলেছেন, “আমি ঘটনার বিষয়ে অবগত নই। আমার ছেলে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়।”
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। খোঁজ নিয়ে সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”