জনসমক্ষে দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
রংপুরের বদরগঞ্জে বিএনপির এক নেতা জনসমক্ষে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী হলেন গোলাম রব্বানী, যিনি বদরগঞ্জ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতির দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ক্ষুব্ধ এবং সমাজের সমালোচনার মুখোমুখি ছিলেন।
গোলাম রব্বানী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যুক্ত হয়েছিলেন, তবে স্থানীয় নেতাদের দুর্নীতির কারণে তিনি পরিবার এবং সমাজের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অন্য কোনো দলে যোগ দেবেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখন শুধু বিএনপি থেকে পদত্যাগ করেছি; যদি অন্য দলের আদর্শ ভালো লাগে, সেখানে যোগ দিতে পারি।”
স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা দেখা দিয়েছে। জানা যায়, গত বছরের ৩০ এপ্রিল লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে গোলাম রব্বানী সভাপতি এবং আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ বলেন, “ওই নেতা সুযোগ-সুবিধার জন্য দলবদল করেছিলেন, কিন্তু দল তাকে তা দিতে পারেনি। এ কারণে এমন ঘটনা ঘটেছে।” সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, “গোলাম রব্বানী মূলত জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিএনপিতে সক্রিয় ছিলেন না। সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।”